আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ে রাজি হবে কি না, সেটা ইউক্রেনের নিজস্ব সিদ্ধান্ত। তার লক্ষ্য দুই পক্ষকে আলোচনায় বসানো। তবে তিনি আশাবাদী, এই বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে।
ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, এ সংঘাত রাশিয়ার জন্যই ক্ষতিকর। কিন্তু পুতিন মনে করেন, হামলা চালিয়ে গেলে তিনি ভালো শর্তে চুক্তি করতে পারবেন। রাশিয়ার অর্থনৈতিক সংকট ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প এই বৈঠককে ফলপ্রসূ বলে মনে করছেন। তিনি বলেন, পুতিন একজন বুদ্ধিমান নেতা, দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় আছেন। আমিও তেমনই। আমরা একে অপরকে বুঝি, পারস্পরিক সম্মান আছে। তাই আমি বিশ্বাস করি, কিছু না কিছু সমাধান আসবেই।
ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে রুশ ব্যবসায়ী নেতাদের আসা ইতিবাচক সংকেত, তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না।
বাংলাদেশ সময় রাত ১টায় (স্থানীয় সময় বেলা ১১টায়) আলাস্কার অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণে আলোচনা হবে স্থানীয় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে। বৈঠক কয়েক ঘণ্টার মধ্যে শেষ হওয়ার কথা। তবে বিশ্লেষকরা এই আলোচনা থেকে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ট্রাম্পও স্বীকার করেছেন, ২৫% সম্ভাবনা আছে যে আলোচনা ব্যর্থ হতে পারে।
উল্লেখ্য, গত ২৫ বছরে পুতিন পাঁচ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সম্পর্কের স্থায়ী উন্নতি হয়নি। এবারের আলোচনা কি বদলে দেবে ইতিহাস? সেটাই এখন দেখার অপেক্ষা।
