বিমানে বসে জেলেনস্কি ও ন্যাটো নেতাদের ফোন করলেন ট্রাম্প

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম

আলাস্কা বৈঠক শেষে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 

হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ‘ফ্লাইটে থাকাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। ট্রাম্প বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গেও টেলিফোনে কথা বলছেন।’

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির ফোনালাপের বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিসও নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি ছিল একটি দীর্ঘ ফোনালাপ— শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সরাসরি আলোচনা হয়, পরে এতে ইউরোপীয় নেতারাও যুক্ত হন।’

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর দফতর ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, আলাস্কা বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি—উভয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, আজ সকালে স্টারমার ন্যাটো জোটের অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে যৌথ ফোনালাপে অংশ নেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি শিগগিরই আবারও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

বিবিসি বলছে, এই আলোচনাগুলোকে ঘিরে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত