রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:০৯ পিএম

বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চাইছে। বিশেষ করে, আসিয়ান সভাপতি হিসেবে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ।

মালয়েশিয়া সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকটের আঞ্চলিক সমাধানে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ান নেতৃত্বের কারণে দেশটি এ ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে।

ড. ইউনূস বলেন, আমরা আশা করি, মালয়েশিয়া আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে, যাতে এই সংকটের স্থায়ী সমাধান হয়।

তিনি সতর্ক করে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এর সঙ্গে আগে থেকে থাকা ১২ লাখ শরণার্থী যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহায়তার সব অর্থায়ন বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য বড় সংকট তৈরি করেছে। এই সংকট সমাধানে আসন্ন কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথা জানান তিনি। এসব সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধান খোঁজা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত