৬৮ কোটি টাকা আত্মসাৎ

ডেল্টা গ্রুপের চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:১৭ এএম

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ফেরদৌস আরা বেগমসহ ১৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ঋণের নামে ৬৮ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৬৩৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। গতকাল রবিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানান। দুদকের এজাহারে বলা হয়, দি ডেল্টা এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও পরিচালক ফেরদৌস আরা বেগম ব্যাংকিং নিয়ম-নীতি উপেক্ষা করে অসৎ উদ্দেশ্যে ৯টি ভিন্ন হিসাবের মাধ্যমে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি ঋণ উত্তোলন করেন। সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ব্যাংকের পাওনা দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এর মধ্যে বিভিন্ন সময় তারা প্রায় ৯১ কোটি টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৬৮ কোটি টাকার বেশি আর শোধ করেননি। এ পরিমাণ অর্থ ব্যাংকের শাখা প্রধান, ক্রেডিট ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জসহ ১৩ জন কর্মকর্তার সহায়তায় গ্রাহক আত্মসাৎ করেন। আসামিরা পরস্পরের যোগসাজশে ব্যাংকের অর্থ আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম, সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ইমাম বোখারী, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোজাম্মেল হক, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর, এসইভিপি নাসিম সিকান্দার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সরদার হাজ্জাজ, ইভিপি আব্দুর রহমান চৌধুরী, এফএভিপি শিল্পী রাণী দাস, এভিপি শ্যামল কুমার চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহেরকে আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত