ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ (দূষিত বায়ু অঞ্চল) ঘোষণা করেছে সরকার।
রবিবার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫ অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য কোনো ইটভাটায় ইট পোড়ানো বা তৈরি করা যাবে না। এছাড়া উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুন বায়ুদূষণকারী শিল্পকারখানার অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্মপরিকল্পনায় উল্লিখিত অন্যান্য কার্যক্রমও বন্ধ থাকবে।
পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, সাভারের বায়ুদূষণের মাত্রা জাতীয় মানের প্রায় তিন গুণ বেশি। এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পাঁচ মাস ধরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিকের বায়ু সাভারের দূষণ ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীবাসীর জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সরকার আশা করছে, এ পদক্ষেপের মাধ্যমে সাভার ও ঢাকার বায়ুদূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।
