সাকিব, জয়াসুরিয়া, হিথ স্ট্রিককে নিষিদ্ধ করা মার্শাল এখন বিসিবিতে

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ম্যাচ ফিক্সিং নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এখন সেই ফিক্সিং সন্দেহের ইস্যুতে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় দেশের ক্রিকেটাঙ্গন। এর মাঝেই আজ সোমবার বিসিবির দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে যোগ দিতে ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই অ্যালেক্স মার্শাল?

যুক্তরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা মার্শাল ২০১৭ সালের দিকে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে (আকসু) যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ৭ বছর চাকরি করেছেন। পরে পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেন। তবে তার আমলে একাধিক ক্রিকেট সুপারস্টার নিষেধজ্ঞা পেয়েছিলেন, যার মাঝে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া এবং জিম্বাবুয়ের হিথ স্ট্রিক।

একসময়ের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ (এক বছর স্থগিত) হয়েছিলেন। বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটকেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল। একই বছর তদন্তে অসহযোগিতার দায়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়াসুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। দুটি ক্ষেত্রেই আকসুর দায়িত্বে ছিলেন এই অ্যালেক্স মার্শাল।

এখানেই শেষ নয়, ২০২১ সালে বেশ কয়েকটি অভিযোগে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিক। তখনো আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের দায়িত্বে ছিলেন মার্শাল। গত বছর আইসিসির চাকরি ছেড়ে মার্শাল যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতিবিরোধী ইউনিটে। নিজের টিম নিয়ে তিনি শ্রীলঙ্কান ক্রিকেটে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়েছেন। এবার দেখার, বাংলাদেশের ক্রিকেট থেকে দুর্নীতির ভুত কীভাবে দূর করেন মার্শাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত