মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন ২৮ ডিসেম্বর

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম

দীর্ঘ সাড়ে চার বছর পর জরুরি অবস্থা তুলে নিয়ে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনা সমর্থিত জান্তা সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর এই প্রথম কোনো নির্বাচনের ঘোষণা দেওয়া হলো।

এদিকে, জান্তা সরকার ১০ সদস্যের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশন গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। এছাড়া ৩০ সদস্যের একটি কেন্দ্রীয় সরকারও গঠন করা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে। ওই সময় শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট ও অন্যান্য মন্ত্রীদের গ্রেপ্তার করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরবর্তীতে কয়েক দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল, যা গত জুলাইয়ে শেষ হয়েছে।

এর আগে জান্তা সরকার নির্বাচনের পরিকল্পনা করলেও দেশজুড়ে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৫ সালে অং সান সু চির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। সেটি ছিল ১৯৯০ সালের পর মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত