বিজনেস রিসোর্সের চেয়ারম্যান সিংকুর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম

বেসিক ব্যাংকের সঙ্গে ভবনের ফ্লোর বিক্রির চুক্তি করে প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স বিজনেস রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের তথ্যমতে, মেসার্স বিজনেস রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান সিংকু আকরামুজ্জামান ৫১ হাজার ৫০০ বর্গফুট অফিস স্পেস ও পার্কিং স্পেস ৮০ কোটি টাকায় বিক্রির বিষয়ে বেসিক ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। তিনি চুক্তির পর অগ্রিম ৭৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৬২ টাকা নেন। পরে তিনি ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে অফিস স্পেস বুঝিয়ে দেননি। এমনকি ব্যাংকের অর্থও ফেরত দেননি। দুদকের অনুসন্ধানে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় ২০২১ সালের ১১ মার্চ তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত শেষে গতকাল অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দেয় দুদক। শিগগিরই আদালতে এ চার্জশিট দাখিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত