সিনসিনাটি ওপেনের পুরুষদের ফাইনাল অপ্রত্যাশিত ভাবে শেষ হলো। মাত্র ২২ মিনিট কোর্টে লড়াই চলার পরই অসুস্থতার কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন বিশ্বসেরা ইয়ানিক সিনার। ফলে সহজ জয় নিয়ে ক্যারিয়ার প্রথমবারের মতো সিনসিনাটি ওপেন শিরোপা হাতে তুললেন স্পেনের কার্লোস আলকারাজ।
সোমবার ফাইনালে চতুর্থবারের মতো এ বছর মুখোমুখি হন আলকারাজ ও সিনার। তবে উইম্বলডনের পর প্রথমবারের মতো ছিল এই দ্বৈরথ। শুরু থেকেই তাল হারিয়ে ফেলেন সিনার—প্রথম সেটে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়েন, করেন নয়টি অনফোর্সড এরর। বিরতিতে মাথায় বরফের প্যাক নিয়ে বসে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ চালিয়ে যেতে পারেননি তিনি।
ম্যাচ শেষে সিনার বলেন, “গতকাল থেকেই ভালো লাগছিল না। ভেবেছিলাম রাতের বিশ্রামে সেরে উঠব, কিন্তু হয়নি। ভক্তদের জন্য অন্তত কিছুটা চেষ্টা করেছি, কিন্তু আজ আমার পক্ষে সম্ভব হয়নি।”
সিনসিনাটি ওপেনের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার ফাইনাল রিটায়ারমেন্টে শেষ হলো। এর আগে সর্বশেষ হয়েছিল ২০১১ সালে, যখন নোভাক জকোভিচ কাঁধের ইনজুরিতে দ্বিতীয় সেটে খেলা ছাড়েন।
আলকারাজ বলেন, “ইয়ানিকের দ্রুত সুস্থতা কামনা করি। আশা করি কয়েক দিনের মধ্যে ও আবার ঠিক হয়ে যাবে। আমার জন্য এটি বিশেষ মুহূর্ত। ২০২৩ সালে এখানে ফাইনালে হেরে গিয়েছিলাম। তাই এবার ট্রফি জিততে পারাটা দারুণ।”
১৬ আগস্ট ২৪তম জন্মদিন উদযাপনের পরই কোর্টে নামা সিনার টানা ১২ ম্যাচ জিতেছিলেন এবং হার্ড কোর্টে চলছিল তার ২৬ ম্যাচের অপরাজিত ধারা। রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বছর সিনসিনাটি জয়ের সুযোগ ছিল তার সামনে, কিন্তু অসুস্থতার কারণে তা আর হলো না।
বর্তমানে বিশ্বের দুই সেরা খেলোয়াড়ের দ্বৈরথে আলকারাজ এখন ৯-৫ ব্যবধানে এগিয়ে। এই বছর উইম্বলডনে সিনার জিতেছিলেন চার সেটে, তবে ফ্রেঞ্চ ওপেন ও রোম মাস্টার্সে জিতেছিলেন আলকারাজ।
অন্যদিকে, নারীদের ফাইনালে পোল্যান্ডের ইগা সোয়ানতেক জিতেছেন তার ক্যারিয়ারের প্রথম সিনসিনাটি ওপেন শিরোপা। সপ্তম বাছাই জেসমিন পাওলিনিকে ৭-৫, ৬-৪ গেমে হারান তিনি।
আগামী সপ্তাহে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। গত দুই বছর সিনসিনাটি জয়ীরা নিউইয়র্কেও চ্যাম্পিয়ন হয়েছেন। এবারও কি সেই ধারা বজায় থাকবে, সেটিই এখন দেখার অপেক্ষা।
ক্রিকেটে মনোযোগ দিতে ইনস্টাগ্রাম ছাড়লেন স্যাম কনস্টাস
‘নিশ্চিতভাবে বলছি, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’