ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। 

পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলের পাশে থাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় থেকে ডুবুরি দল ছুটে এসে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিখোঁজ মোহাম্মদকে সনাক্ত করে মরদেহ উদ্ধার করে ডুবুরিরদল।   

নিহত মোহাম্মদ আলী মুন্সীগঞ্জ পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী এবং নয়াগাঁও এলাকার নূর আলীর ছেলে বলে জানা যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরিরদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত