জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট সম্প্রতি পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন। এ ঘটনায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল লিখেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুদ্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রনালয়ের কোন সম্পর্ক নেই।’
তিনি লিখেন, ‘হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রনালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোন সিদ্ধান্তের সাথে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।’
উপদেষ্টা লিখেন, ‘হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটনি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে।’
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ১১টার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা।
