বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বর্তমানে কিছু নাবালক বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান মুখ দিয়ে অনেক কিছুই বলে। আমাদের আন্দোলন-সংগ্রামের যত বয়স তোমাদের বয়সও কিন্তু ততদিন হয় নাই।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে সদর থানার সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৭ বছর জাতীয়তাবাদের ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই সকল পরিবার আগামী দিনে নির্বাচন চায়। এই মানুষগুলো পাঁচ বছর উপদেষ্টা দেখার জন্য জীবন দেয়নি। নতুন পার্টি মাথায় তুলে নাচার জন্য জীবন দেয়নি।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ।
