গাজীপুরে বিতর্কিত সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালমকে অবশেষে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৮ আগস্ট সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ এর সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠি সূত্রে বদলির খবর নিশ্চিত হওয়া গেছে।
শিক্ষা অফিসার আব্দুস সালামের বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তাকে চাঁদপুরের মতলব উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে।
শিক্ষা অফিসার আব্দুস সালাম চলতি বছরের ১২ই জানুয়ারি গাজীপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচিত হন। তার বিরুদ্ধে বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটুক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধি বহির্ভূত শিক্ষক বদলি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে কমিশন গ্রহণসহ অসংখ্য অভিযোগ উঠে। তার বিতর্কিত কর্মকাণ্ডে ফুঁসে ওঠে গাজীপুরের শিক্ষক সমাজ।
তার নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৈনিক পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়। এসকল অভিযোগ আমলে নিয়ে একাধিকবার তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা যায় আব্দুস সালামকে এর আগে দুর্নীতির দায়ে ১৭ বার বদলিসহ তার গ্রেড অবনম করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তার বিরুদ্ধে ৩টি বিভাগীয় মামলা চলমান আছে।
আব্দুস সালামের বদলির প্রতিক্রিয়ায় গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোছাদ্দিকুর রহমান বলেন, একজন দুর্নীতিবাজেকে বদলি কোন সমাধান নয় তাকে শাস্তি দিতে হবে। আমরা আব্দুস সালামের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছি আশা করছি সালামের দৃষ্টান্তমূলক শাস্ত হবে।
