কাউন্টারে হামলা-ভাঙচুর, ময়মনসিংহে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম

ময়মনসিংহের মাসকান্দা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শতাধিক দুর্বৃত্ত নগরীর মাসকান্দায় বাসস্ট্যান্ডের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টরা। এতে মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে ঢাকা-ময়মনসিংহসহ ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মকর্তা জানান, বিকালের দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টার ও ভিতরের অর্থ লুটপাট করে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভেঙে দেয় এবং সেখানে স্লোগান দিতে থাকে, আওয়ামী লীগ নেতা শামীমের কোন বাস চলবে না। এতে কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। অগ্রিম টিকেট করা থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এ বিষয়ে পরিবহন মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি। কেন এবং কারা কাউন্টার ভাঙচুর করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মাসকান্দায় বাসস্ট্যান্ডে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত বিষয়টি তদন্তের পরে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত