কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত জেলার আদর্শ সদর, বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবীর হোসেন (৪৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ঢাকায় নেওয়ার পর তিনি মারা যান।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হ্যাপি ভৌমিক (৪৫) নামের এক নারী নিহত হন। 

পরিবারের সদস্যরা জানান, স্বামীর সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একটি কালভার্টে উঠতে গিয়ে হ্যাপি ভৌমিক মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিএনজিচালক মনির হোসেন (৩৯)। তিনি মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মনির হোসেন নিহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত