বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছেলে নিপুন বিশ্বাস। তিনি জানান, গত সোমবার (১৮ আগস্ট) পাবনা থেকে ঢাকায় ফেরার পথে শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। সেদিনই তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেকের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

নিপুন বিশ্বাস বলেন, ‘আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের অসুবিধা হচ্ছিল। পরে ডাক্তার দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরু করেন।’

তিনি আরও জানান, বর্তমানে তাঁর বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকুনগুনিয়াসহ আরও কয়েকটি পরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। পাশাপাশি পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে তাঁর সঙ্গে সাক্ষাৎ না করার জন্যও কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

নিপুন বিশ্বাস বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান দেশব্যাপী জেলা, মহানগর, ইউনিয়ন ও আঞ্চলিক পর্যায়ের সব ইউনিটকে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছেন। তাঁদের আহ্বান, ‘মেহনতি মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু শামছুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্যের জন্য সবাই নিজ নিজ স্থানে দোয়া করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত