কুমিল্লা নগরীতে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর বিসিক শিল্পনগরীর একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম রংপুর জেলার মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বসবাস করছিলেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহত সায়েম দীর্ঘদিন ধরে বিসিক শিল্পনগরী এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়েমসহ কয়েকজন যুবক বিসিক এলাকার বিভিন্ন কারখানায় নিয়মিত চাঁদা দাবি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েম আগের মতোই জান্নাত ফুডস নামের একটি কারখানায় গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় কারখানার শ্রমিকরা তাকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সায়েমের মৃত্যুর খবর পেয়ে তার সহযোগীরা জান্নাত ফুডস কারখানায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মহিনুল ইসলাম আরও জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
