এনগিডির ৫ উইকেটে সিরিজ দক্ষিণ আফ্রিকার

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম

কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাথু ব্রিটজকে (৮৮) ও ট্রিস্টান স্টাবসের (৭৪) ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৭৭ রানে। জবাব দিতে নেমে এনগিডির বোলিং তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন এনগিডি। ১৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার কাছে এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে সিরিজে হারল ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সব প্রতিপক্ষ মিলিয়ে ফল হওয়া শেষ আট ওয়ানডের মধ্যে সাতটিতেই হারলো অস্ট্রেলিয়া। টানা চতুর্থ ওয়ানডেতে ২০০ রানের নিচে অলআউট হলো অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড, তৃতীয় ওভারে মারনাস লাবুশেনকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। বিপদ আর বাড়ে দলীয় ৩৮ রানে অধিনায়ক মিচেল মার্শও বিদায় নিলে। চতুর্থ উইকেটে জস ইংলিস ও ক্যামেরন গ্রিন ৬৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন। তবে গ্রিন ব্যক্তিগত ৩৫ রানে ফিরলে জুটি ভাঙে।

পরে এনগিডির তোপে পড়ে দলীয় ১৩৩ থেকে ১৯৩ এই ৬০ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকরা। শুরুতে লাবুশেনকে ফেরানো এনগিডি দ্বিতীয় স্পেলে ফিরে নেন ৪ উইকেট। সব মিলিয়ে ৮.৪ ওভারে ৪২ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে একপ্রান্ত আগলে রাখা ইংলিস সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন ৭৪ বলে ৮৭ রান করে।

তার আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ব্যাট হাতে রেকর্ড গড়েন ব্রিটজকে। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলা ব্রিটজকে প্রতি ম্যাচেই কোন না কোন রেকর্ড গড়েছেন। শুক্রবার খেলেন ৭৮ বলে ৮৮ রানের ইনিংস। তাতে ব্রিটজকেই ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এর আগে ভারতের নভজ্যোৎ সিং সিধুও প্রথম চার ইনিংসে ফিফটি করেছিলেন, তবে পাঁচ ম্যাচে। কারণ নিজের তৃতীয় ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্রিটজকে প্রথম চার ম্যাচেই ব্যাট হাতে নেমে করেছেন চারটি ফিফটি। ব্রিটজকের এবারের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। চতুর্থ উইকেটে ব্রিটজকের সঙ্গে ৮৯ রানের জুটিতে স্টাবস করেন ৮৭ বলে করেন ৭৪ রান। স্টাবসের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। এছাড়া ডি জর্জি করেন ৩৮ রান। মুল্ডারের ২১ বলে ২৬ আর কেশব মহারাজের অপরাজিত ২২ রানে লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত