গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর বলেছেন, আমরা আশা করেছিলাম এই সরকারতো অন্যদের মতো লুটেরা সরকার নয়, ভাগ-বাটোয়ারার সরকার নয়। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারেও তার ব্যতিক্রম কিছু দেখি নাই।
শুক্রবার বিকালে যশোরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় নুর আরও বলেন, পুরনো ব্যবস্থা নিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোন নির্বাচন চাই না। নির্বাচন ব্যবস্থার সংস্কার আনতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাখ্যা দিয়ে তিনি প্রশ্ন করেন, উচ্চ কক্ষের পিআর পদ্ধতির বিরোধিতা করার কোন মানে আছে?
বলেন, ক্ষমতা যারা একাকি ভোগ করতে চান হাসিনার পরিণতি তারা দেখুন। হাসিনা কিন্তু ১৬ বছর একাই সব খেয়েছে। আরও কয়েক বছর খেতে চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দুপুরের খাবার জুতা ফেলে দিল্লির মাল দিল্লি চলে গেছে।
নুর বলেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না। বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এই খানে কোন ছাড় হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আফরোজা সুলতানা মৌ প্রমুখ।
