নুরের ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা না, চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

নুরের ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগীতা করেছে। তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবী উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শনিবার সকাল ১০ টার সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে ঝিনাইদহ টেলিভিশন সেন্টার এলাকায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ সঞ্চালনা করেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, খুলনা বিভাগীয় জেলা গুলোর প্রাণ কেন্দ্রে ঝিনাইদহ জেলার অবস্থান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহে প্রতিষ্ঠা হওয়ার ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ার শিক্ষক-কর্মকর্তাদের ভোগান্তি কমবে। এ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আমরা বিশ্বাস করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত