ডাকসু নির্বাচনে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে নতুন প্যানেল

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন একটি তিন সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’। 

প্যানেলের সদস্যরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তবে পূর্ণাঙ্গ প্যানেল আরও কিছু স্বতন্ত্র প্রার্থীকে যুক্ত করে তৈরি করার পরিকল্পনা চলছে তাদের।

রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলের প্রার্থী পরিচিতি : সহ-সভাপতি (ভিপি): জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস): মাহমুদুল হাসান (বাংলাদেশ স্টাডি ফোরামের সাধারণ সম্পাদক), কার্যনির্বাহী সদস্য: তালহা।

ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, “২৬ আগস্ট মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল সকলের সামনে উপস্থাপন করব। 

স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মিলিত ছাত্র ঐক্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করছে। আমাদের জন্য সংখ্যা নয়, বিশ্বাস এবং অঙ্গীকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

জান্নাতি বুলবুল এই প্যানেলের পক্ষ থেকে ৭ দফা অঙ্গীকার ঘোষণা করেন:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।

৩. শিক্ষার্থীদের স্বার্থবিরোধী প্রভাব, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা।

৪. গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি ও বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠন।
৫. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা।

৬. প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে বৈধ সীট বরাদ্দ নিশ্চিত করা।

৭. শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য প্রশাসন ও প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত