ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে যৌথ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৎস্য বিভাগ। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসায়ীদের মাছ ক্রয় ও বিক্রয় রশিদ যাচাই করেন কর্মকর্তারা। তবে কোন ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি।
জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, বাজারে কোন সিন্ডিকেট নেই। মাছের সরবরাহ কম, তাই দাম বেশি। এখানে ব্যবসায়ীদের কোন হাত নেই। মাছের সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল ইমরান বলেন, মাছের ঘাটতি থাকায় কিছুটা অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। আমরা আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তাদের মাছ ক্রয়-বিক্রয়ের রশিদ দেখেছি। তেমন কোন ব্যত্যয় দেখিনি। মাছের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে ২হাজার ৫শ টাকা দরে। তাছাড়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।
