চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে এ ধরনের অপপ্রচার চলছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এসব কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এ রকম কোনো চেষ্টা সরকার করতে দেবে না। দেশে বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে সরকার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

এছাড়া, সরকার খরচ কমাতে জাহাজে করে হজযাত্রীদের পরিবহনের সিদ্ধান্ত নিলেও বড় কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। জাহাজে করে হজযাত্রীদের আনা-নেওয়া করা গেলে ৪০ শতাংশ খরচ কমে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত