বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিপুল সম্ভাবনা তুলে ধরতেই বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) এবং চীনের সিনহুয়া সংবাদ সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বিএসআরইএ অফিস মিটিং রুমে বৈশ্বিক দক্ষিণ যৌথ যোগাযোগ অংশীদারত্ব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিতে স্বাক্ষর করেন বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ এবং সিনহুয়া সংবাদ সংস্থার ঢাকা ব্যুরো প্রধান সান নান।
এই সহযোগিতার লক্ষ্য হলো বৈশ্বিক দক্ষিণের কণ্ঠকে আরও শক্তিশালী করা, গণমাধ্যম ও তথ্য বিনিময় বাড়ানো এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রসমূহে যৌথ উদ্যোগকে উৎসাহিত করা।
এর মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি ও নীতি অভিজ্ঞতাকে বিশ্বব্যাপী শ্রোতা ও পাঠকের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
চুক্তির অধীনে বিএসআরইএ বৈশ্বিক দক্ষিণ মিডিয়া নিউজ নেটওয়ার্কে প্রতিবেদন, কেস স্টাডি এবং নীতি-অন্তর্দৃষ্টি প্রদান করবে, যা সিনহুয়া সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করছে। পাশাপাশি উভয় পক্ষ যোগাযোগমূলক উদ্যোগ, মিডিয়া ইন্টিগ্রেশন ও জ্ঞান বিনিময় ক্ষেত্রে সহযোগিতা করবে। এই অংশীদারিত্ব বিএসআরইএ-কে বৈশ্বিক দক্ষিণ মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্ক ফোরামে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ দেবে, যা নীতিগত প্রচার, নেটওয়ার্কিং এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘এই সহযোগিতা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি যাত্রাকে বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিনহুয়ার সঙ্গে অংশীদারত্ব আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি থেকে শিখতে এবং বৈশ্বিক দক্ষিণের যৌথ কণ্ঠকে শক্তিশালী করতে সহায়তা করবে।’
সিনহুয়া সংবাদ সংস্থার ব্যুরো প্রধান সান নান বলেন, ‘সিনহুয়া সংবাদ সংস্থা বৈশ্বিক দক্ষিণ দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। বিএসআরইএর সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের সাফল্যকে তুলে ধরবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথ প্রচেষ্টা আরও জোরদার করবে।’
এই সহযোগিতা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করছে, যারা একটি ন্যায়সঙ্গত বৈশ্বিক যোগাযোগ কাঠামো গঠনে অবদান রাখছে এবং নবায়নযোগ্য জ্বালানিকে টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উপস্থাপন করছে।
