ঈশ্বরগঞ্জে ইজিবাইক-সিএনজির ধাক্কা, শিশুসহ আহত ৯

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত একটি চলন্ত ইজিবাইকে সিএনজির ধাক্কায় ইজিবাইক ও সিএনজির ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। দুর্ঘটনার সময় ইজিবাইক ও সিএনজি দুমড়েমুচড়ে যায়।

রবিবার (২৪ আগস্ট) বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

দুর্ঘটনায় আহতরা হলেন- নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড়ুনাকান্দা গ্রামের আব্দুল লতিফ (৬৫), আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান গ্রামের শিশু জিসান (১০), গৌরিপুর উপজেলার পুম্বাইল গ্রামের সেলিম মিয়া (৩৩), একই উপজেলার পাচার বাজার এলাকার আল-আমিন (৪২), দুর্গাপুর উপজেলার ঝাউকান্দিয়া ইউনিয়নের বাধুয়া গ্রামের আসাদুজ্জামান (৫৮) ও মো. আব্দুল কাদির (৪৫), পূর্বধলা উপজেলার আবুল হাশেমের স্ত্রী নুর-জাহান (৫৫)। আহতদের মধ্যে আল-আমিন ও সেলিম মিয়ার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা। এছাড়াও আহত আরও দুই যাত্রী ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একটি ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনার খবরটি আমাদের তৎক্ষণাৎ কেউ অবগত করেনি। পরবর্তীতে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত