কুমিল্লায় বুলু

সারা বিশ্বের ঈগল পাখির চোখ এখন বাংলাদেশের দিকে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘দেশি-বিদেশি বহু শক্তি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূ-রাজনৈতিক বাস্তবতায় সারা বিশ্বের ‘ঈগল পাখির চোখ’ এখন বাংলাদেশের দিকে। এসব চোখ উপেক্ষা করেই দেশকে রক্ষা করতে হবে, যেখানে বিএনপিই একমাত্র ভরসা।’ গতকাল রবিবার কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বিবাষির্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, রাজনীতি করারও অধিকার নেই।’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবি করে তিনি বলেন, ‘গ্রামবাংলার মা-বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি ৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন, উপবৃত্তি চালু করেন। সেই যুগান্তকারী সিদ্ধান্তই আজকের নারীর উন্নয়নের ভিত্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত