রাকসু নিয়ে শিবির ছাড়া কারো আগ্রহ নেই: রাবি ছাত্রদল

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পেছনে শাখা ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।

ছাত্রদলের অন্য দাবিগুলো হলো, ১। বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ২। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনী কার্যক্রম শুরু। ৩। রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন ৪। আবাসিক হলে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা। ৫। একটি বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন আয়োজন। 

সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

এ সময় নেতা-কর্মীরা স্লোগান দেন, ‘ছবি ছাড়া ভোট তালিকা মানি না’, ‘ভোট আমার অধিকার, কেড়ে নেওয়ার তুমি কে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে একটি জামায়াতপন্থী প্রশাসন এসেছে। তারা রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং সব দায়ভার ছাত্রদলের ওপর চাপিয়ে দিতে চাইছে। 

তিনি আরও অভিযোগ করেন, রাকসু নির্বাচন নিয়ে ইসলামী ছাত্রশিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিট এবং কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত