নকল চানাচুর-চিপস প্যাকেটজাত করে বি‌ক্রি : ৫০ হাজার টাকা জ‌রিমানা  

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম

ফেনীতে না‌মি-দা‌মী বি‌ভিন্ন ব্র্যান্ডের  নাম নকল করে চানাচুর ও চিপস প্যাকেটজাত করে বি‌ক্রি করায় মেসার্স নুর ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ফেনী শহরের রামপুরা এলাকায় মেসার্স নুর ফুড প্রোডাক্টস নামের এক‌টি প্রতিষ্ঠান চানাচুর ও চিপসের নামে বিভিন্ন ব্র্যান্ডের পণ‌্য নকল করে বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদার‌কি অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান‌টি একা‌ধিক মোড়কীকরণ যন্ত্র ব‌্যবহার করে কিশোরগঞ্জের ঠিকানা দিয়ে সততা চিপস, ঢাকার ঠিকানা দিয়ে চানাচুর ও অনুমোদনহীন নানা চটকদার নাম ব‌্যবহার করে মোড়কীকরণ করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। এ কর্মকাণ্ডকে ভোক্তা অধিকার বিরোধী কার্য হিসেবে আমলে নিয়ে অধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে প্রতিষ্ঠান‌টিকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় অনতিবিলম্বে উৎপা‌দিত সকল পণ্যের বৈধ লাইসেন্স নিয়ে এ দপ্তরে অনু‌লি‌পি প্রেরণের নির্দেশনা দেয়া হয়।

এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য এ সময় লিফলেট বিতরণ করা হয়। এতে নিরাপদ খাদ‌্য পরিদর্শক আব্দুর রহমান, ব‌্যাটা‌লিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত