পটিয়ায় বিএনপির কমিটিতে পদ পেতে প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে পদ পেতে নেতৃত্ব প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করছেন।তারা কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করে বিগত দিনে আন্দোলন ও সংগ্রামে নিজের ভূমিকা তুলে ধরছেন। 

ইতোমধ্যে আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পদ পেতে দক্ষিণ জেলা কমিটির ৩৪১ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলায় ২৭২ ও পৌরসভায় জমা দিয়েছেন ১০৯ জন।

জানা গেছে, গত বছর ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সংগঠিত করার লক্ষ্যে নতুন করে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সে লক্ষ্যে চটগ্রাম দক্ষিণ জেলার সবকটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপর থেকে পদ প্রত্যাশীদের তোড়জোড় শুরু হয়। এনিয়ে নেতাদের বক্তব্যের যা জানা গেল।

দলের প্রতি নিষ্ঠা, উৎসর্গের কথা উল্লেখ করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন জানান, দলের দুঃসময়ে আমি মামলা হামলা ও জেল জুলুমের শিকার হয়েছি। আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে।

তাছাড়া নেতাকর্মীদের আর্থিক সহায়তা কথা জানিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ প্রত্যাশী মো. ইসমাইল হোসেন বলেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে দলের জন্য আর্থিকভাবে ভূমিকা রেখেছি। এমনকি অনেককে বিএনপির রাজনীতি করতে সহযোগিতা করেছি।

তবে কমিটি গঠনের বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, যারা কমিটিতে পদ পদবি পেতে আগ্রহী তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তাদের কমিটিতে আসার সুযোগ নেই। অপেক্ষাকৃত ক্লিন ইমেজেধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত