হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে। আটক ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, সোমবার রাত ২টার দিকে তাকে বিমানবন্দরে আটক করা হয়। তিনি বলেন, ‘কাতারের দোহা থেকে আসা একটি এয়ারলাইন্সের ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে প্রবেশ করতে চলেছেন—এসব তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। পরে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসার মাধ্যমে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করি এবং তল্লাশি চালাই। তল্লাশির সময় প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়, যার ভেতরে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ কোকেন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এয়ারপোর্ট ইউনিট কর্তৃক প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত) উদ্ধার করা হয়।’
মোহাম্মদ নেয়াজুর রহমান আরও জানান, ‘তল্লাশি চলাকালে বিমানবন্দর থানার দুইজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেইনের ওজন ৮ দশমিক ৬ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। যাত্রীসহ পণ্য আটক করা হয়েছে। চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এক্টের আওতায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।’
রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট