ভিকারুননিসায় হিজাব কাণ্ড: অভিযুক্ত শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণি কক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ২৪ আগস্ট ভিকারুননিসার বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষিকা ফজিলাতুন নাহারের বিরুদ্ধে।

এ বিষয়ে ফজিলাতুন নাহার গণমাধ্যমকে বলেন, আমাদের স্কুলের একটা ড্রেস কোড আছে। এখানে কেউ পর্দা করতে হলে সাদা স্কার্ফ পরে আসতে হবে। কিন্তু অনেকেই ওড়না পরে আসায় তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত