ফের চাকরি হারালেন হোসে মরিনহো

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত কোচ হোসে মরিনহো তুর্কী ক্লাব ফেনারবাচের দায়িত্ব ছেড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের মূল মঞ্চে ওঠার প্লে-অফে হেরে যাওয়ার পর ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি দায়িত্ব ছেড়েছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে ফেনারবাচ এই তথ্য জানিয়েছে। সদ্য শুরু হওয়া ২০২৫-২৬ মৌসুমে মাত্র দুই ম্যাচেই শেষ হলো মরিনহোর ফেনারবাচ অধ্যায়।

শুক্রবার সকালে ক্লাবের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘২০২৪-২৫ মৌসুম থেকে আমাদের প্রফেশনাল ফুটবলের শীর্ষ দলের দায়িত্বে থাকা হোসে মরিনহো আজ আমাদের থেকে বিদায় নিয়েছেন। ক্লাবে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

মরিনহোর বরখাস্তের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ারে বেনফিকার কাছে ফেনারের হেরে যাওয়া। এর পাশাপাশি লিগের প্রথম ম্যাচেই গোজতেপের বিপক্ষে পয়েন্ট খোয়ানোও পরিস্থিতি ঘোলাটে করে তোলে। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, বিতর্কও বড় ভূমিকা রেখেছে। মরিনহো সম্প্রতি ক্লাবের পরিচালনা পর্ষদ, দলবদল নীতিমালা এবং স্কোয়াডের মান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।

এমনকি ফেনারবাচের ভাইস-প্রেসিডেন্ট হামদি আকিনকে ‘চিনি না’ বলে দাবি করেন, যিনি গত মৌসুমে বর্ণবাদ বিতর্কে মরিনহোর পক্ষে কথা বলেছিলেন। এই মন্তব্য অনেকের চোখে ‘অসম্মানজনক’ হিসেবে বিবেচিত হয়। মরিনহোর ফেনারবাহচে অধ্যায় ছিল নাটকীয়তায় ভরপুর। প্রথম ম্যাচেই ২০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দেখেন লাল কার্ড।

গালাতাসারাইয়ের বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল ডার্বিতে প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক ধরে টান দিয়ে বিতর্কিত হন। এদিকে মাঠে গালাতাসারাই দাপট দেখিয়ে টানা তৃতীয়বারের মতো সুপার লিগের শিরোপা জিতে নেয়। ট্রফি না পাওয়ার হতাশা, দীর্ঘ ১১ বছরের লিগ খরা এবং বিতর্কিত আচরণ- সব মিলিয়ে শেষ পর্যন্ত মরিনহোকে বিদায় নিতেই হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত