সাইফুল হক

রোডম্যাপের কার্যকরের মাধ্যমেই ইসি ও সরকারকে আস্থা অর্জন করতে হবে

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম

নির্বাচন কমিশন ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘কেবল ঘোষণা নয়— রোডম্যাপের কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচন কমিশন ও সরকারকে রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের দৃঢ় সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। তাহলে নানা মহলের নির্বাচনকেন্দ্রিক কৌশলগত রাজনৈতিক বিরোধিতাও কমে আসবে।’

শুক্রবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে— অবিলম্বে সব ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্ক থেকে বেরিয়ে আসা এবং সরকারের নিরপেক্ষ বৈশিষ্ট অর্জন করা।

তিনি সম্প্রতি ডিআরইউতে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন, ধারাবাহিক এসব ঘটনা সরকারের অকার্যকারিতাকে বড় করে তুলছে। এসব ঘটনা সরকারের ব্যাপারে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা যাচ্ছে। এ ধরনের মব সন্ত্রাস চলতে দিলে পতিত ফ্যাসিবাদীদের ফিরে আসার জমিনকেই কেবল উর্বর করবে।’

তিনি বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় তার ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো বিবেচনায় এসব সন্ত্রাসী তৎপরতাকে প্রশ্রয় বা অনুমোদন দেওয়া যাবে না।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সিকদার হারুন মাহমুদ, মহানগর কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জোনায়েদ হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, আয়েশা সিদ্দিকা, মুজিবুল হক চুন্নু সিকদার, কাঞ্চন মিয়া, সাজ্জাদুল করিম আলভী, শিবু মোহান্ত প্রমুখ।

সভায় ঢাকা মহানগরে জনজীবনের জরুরি সংকট সমাধানে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মাসব্যাপী সমাবেশ-বিক্ষোভের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত