মিয়ানমারের জলসীমা

১২২ জেলে ফেরত আনল কোস্ট গার্ড

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম

আন্তর্জাতিক জলসীমা আইন লঙ্ঘন করে মিয়ানমারে মাছ ধরতে যাওয়া ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে ফেরত এনেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনাসংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ফেরত আনা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করলেও ফেরত আনা জেলেদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি।

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। ফলে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করা বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি প্রায়ই আটক করছে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এসব জেলেকে ফেরত আনতে কোস্ট গার্ডসহ সীমান্তে নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলোকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর ফলে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার, অস্ত্র পাচার ও চোরাচালান রোধে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ বেগ পেতে হচ্ছে।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনাসংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় কোস্ট গার্ড নজরদারি জোরদার করে। এ সময় নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে যাওয়া ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত