ইন্দোনেশিয়ার প্রাদেশিক সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ৩

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি প্রাদেশিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারী। এসময় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওসি প্রদেশের মাকাসার শহরে এ ঘটনা ঘটে।

শনিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভবনে আগুন ধরানোর ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমান মাপাটোবা এএফপিকে জানান, ‘গত রাতে ঘটনার পর, তিনজন মারা গেছেন। দুইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। তারা জ্বলন্ত ভবনের মধ্যে আটকা পড়ে ছিলেন।’

তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা ভবনের অফিসে ঢুকে আগুন ধরিয়ে দেয়।

ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ সংস্থা আন্তারা নিউজও জানিয়েছে, নিহতরা জ্বলন্ত ভবনের মধ্যে আটকা পড়েছিল। দুর্যোগ সংস্থা বলেছে, আহতদের মধ্যে দু’জন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনার সূত্রপাত সংসদ সদস্যদের বেতন ও শিক্ষা বাজেটসহ নানা ইস্যুতে দেশজুড়ে চলমান আন্দোলন। বৃহস্পতিবার পুলিশের সাঁজোয়া গাড়ির ধাক্কায় আফফান কুরনিয়াওয়ান নামে মোটরসাইকেল রাইড-শেয়ার চালক নিহতের পর সরকারবিরোধী এ বিক্ষোভ নতুন মোড় নিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিম জাভার রাজধানী বানদুংয়ে, শুক্রবার বিক্ষোভের সময় বাণিজ্যিক ভবনসহ একটি ব্যাংক এবং রেস্তোরাঁও পুড়ে গেছে।

বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে পাথর ও আতশবাজি ছুঁড়তে দেখা যায় এবং জবাব পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তোর শাসনামলে এটি সবচেয়ে বড় এবং সহিংস বিক্ষোভ হয়ে উঠেছে। ফলে এক বছরের পার না হতেই বড় ধরনের অগ্নিপরীক্ষার মুখোমুখি সুবিয়ান্তোর প্রশাসন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত