বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক এই আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের শেরেবাংলা নগরের মাজারে দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া পরদিন ২ সেপ্টেম্বর দুপুর ২টায় দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
