বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তরের প্রকল্পটি চলমান রয়েছে। খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এর আগে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই রেলওয়ের এ হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করা হবে।
গতকাল শনিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
