একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত।

নীতিমালা অনুযায়ী, এই ধাপ শেষে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

ভর্তি ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এজন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি অথবা পছন্দের তালিকায় নতুন প্রতিষ্ঠান যোগ করতে চান, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

দুই ধাপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও ছিলেন ৫ হাজার ৭৬৫ জন। দ্বিতীয় ধাপে নতুন করে আরও দুই লাখ ২৪ হাজার শিক্ষার্থী কলেজে সুযোগ পেলেও এবারও ১ হাজার ৪১৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বাদ পড়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কোনো না কোনো কলেজে মনোনয়ন পেলেও বাকি শিক্ষার্থীরা বাদ পড়েছেন। তবে আসন সংকট নেই, তাই শেষ পর্যন্ত সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এদিকে জনপ্রিয় কলেজগুলোতে বিপুল আবেদন জমা পড়লেও দেশের প্রায় ৫ শতাংশ কলেজে এবারও কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমনকি ১০ কলেজে একটি আবেদনও পড়েনি। আবার চার শতাধিক কলেজে আবেদন থাকলেও শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থী মনোনীত হয়নি।

নীতিমালা অনুযায়ী, তৃতীয় ধাপ শেষে আর কোনো আবেদন নেওয়া হবে না। তাই যারা এখনও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য এ ধাপই শেষ সুযোগ।

আবেদনের জন্য তথ্যের ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ক্লিক করুন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত