মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে আব্দুল আহাদ (৩৪) নামের এক যুবক বাবার হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ স্থানীয় আবুল হোসেনের ছেলে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রাহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত আহাদ মাদকাসক্ত ছিলেন। সকালে মাদক কেনার জন্য বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আহাদ ছুরি নিয়ে বাবাকে আঘাত করতে গেলে তা প্রথমে নিজের পেটে লাগে। পরে নিজেকে রক্ষার জন্য আবুল হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলেকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আহাদ মারা যান। অভিযুক্ত আবুল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের বাবা আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য আমাকে সব সময় চাপ দিত। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আজ সকালে সে আবার টাকা চাইলে অস্বীকার করি। তখনই আমাদের মধ্যে সংঘর্ষ হয়।”
নিহতের ভগ্নীপতি মো. হামিম আহমেদ জানান, আমার শ্যালক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রিহ্যাবেও রাখা হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আজ সকালে শ্বশুরের কাছে টাকা চাইতে গিয়ে ঝগড়ার সময় নিজের ছুরি নিজের পেটে লাগে। পরে শ্বশুর বাধ্য হয়ে তাকে আঘাত করেন।
দিনে রাতে সংরক্ষিত বনের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা
আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা