পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করছে।
এ লক্ষ্যে শনিবার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ডাস্টবিন বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, দূষণের কারণে পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। পরিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। পরিবেশ সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, এতে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমাদের শিশুদের মধ্যে এই সচেতনতা তৈরি বাড়াতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।
তিনি আরও বলেন, পৌরসভার এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এতে শিশুরা তাদের বিদ্যালয় প্রাঙ্গণ, নিজেদের ঘর এবং চারপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে। তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের চারপাশের নিজ নিজ পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান।
পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলামির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম সারুয়ার আলম সরকার, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁচনশীল ও অপঁচনশীল লেখা সম্বলিত চারটি করে ডাস্টবিন দেওয়া হয়। পর্যায়ক্রমে এই বিদ্যালয়গুলোর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে ফলজ গাছ সরবরাহ করা হবে।
