রাকসু নির্বাচনের জটিলতা কাটছে না

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে জটিলতা কাটছে না। ছাত্রদল জানিয়েছে, তারা নির্বাচনে অংশ নেবে, তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারসহ অন্যান্য দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে। গতকালের আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় নির্বাচন কমিশন সময়সীমা আরও দুই দিন বাড়িয়েছে।

বিশ্ববিদ্যালয় সিনেটে রাকসুর প্রার্থীদের নিয়ে আলোচনায় শিক্ষার্থীরা নির্ধারিত তারিখেই ভোট করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দেওয়া হবে কি না— সে বিষয়ে আলোচনা হয়। প্রশাসন আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।

রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দেওয়া হবে কি না— এ বিষয়ে এখনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত জানতে হলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

গতকাল মনোনয়ন বিতরণের শেষ দিনে বিক্ষোভের কারণে অনেকেই মনোনয়ন নিতে পারেননি। তাই আজ এবং আগামীকাল পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়েছে।

ছাত্রদলের অভিযোগ

রাকসু ও সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল অভিযোগ করেছে, তাদের আন্দোলন দমাতে উপাচার্য ১৫ লাখ টাকা অর্থায়ন করেছেন। তবে উপাচার্য এই অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে। ১০ জন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা জেনেছি, উপাচার্য ছাত্রশিবিরসহ তিনটি সংগঠনকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা দিয়েছেন।”

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “এটি একেবারেই হাস্যকর অভিযোগ। প্রমাণ ছাড়া এমন বক্তব্য দিলে তাকে তা প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। নাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

নারী শিক্ষার্থীদের অভিযোগ, তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা ভাবে হেয় করা হচ্ছে। ছাত্রদলের সহ-সভাপতি সাবিহা আলম মুন্নি বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু আমাদের নারী সহপাঠীদের হেনস্তা করা হয়েছে। এছাড়া ফেসবুকে আমাদের নিয়ে বুলিং করা হচ্ছে।”

অভিযোগ প্রসঙ্গে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, “সবই মিথ্যা। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এসব অভিযোগ করছে।”

মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় দুই দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন নতুন করে ৫ জন মনোনয়ন নেন। এতে মোট মনোনয়ন দাঁড়িয়েছে ৩৯২ জনে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদে ৩২৩ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন।

সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কার্যনির্বাহী সদস্য পদে, যেখানে ৪০ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়া সাহিত্য, মিডিয়া, সংস্কৃতি, পরিবেশ, মহিলা, বিজ্ঞান-প্রযুক্তি, গবেষণা ও ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

এবারের নির্বাচনে ১০টি প্যানেলে ১৬৩ জন প্রার্থী নির্দিষ্ট পদ উল্লেখ না করে মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে রয়েছে— গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ ও জাগ্রত ২৪।

এছাড়া আবাসিক হলগুলোতেও প্রায় সাত শতাধিক শিক্ষার্থী মনোনয়নপত্র তুলেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত