‎নিকি নিকোলের সাথে সম্পর্ক নিয়ে আলোচনার জবাব দিলেন ইয়ামাল ‎

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবল দলের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল সম্প্রতি গণমাধ্যমের অতিরিক্ত মনোযোগ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনা নিয়ে মুখ খুলেছেন। মাত্র ১৮ বছর বয়সে ফুটবল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠায়, তার জীবনের প্রতিটি দিক এখন সংবাদ শিরোনামে।

‎স্পেনের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় 'আরটিভিই'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, গণমাধ্যমের সমালোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। তিনি বলেন, "সত্যি বলতে, এই সব সমালোচনা আমাকে ছুঁতে পারে না। আমি বুঝে গেছি যে আমার জীবনের সবকিছু নিয়ে কথা হবে, এবং অনেক মানুষ এমন সব বিষয় নিয়েও কথা বলবে যা হয়তো আমার জীবনে কখনও ঘটেইনি।"

‎তিনি আরও বলেন, "এসব আমাকে খুব বেশি বিরক্ত করে না। আমি শুধু আমার কাছের মানুষদের কথা শুনি, যারা আমাকে সত্যিটা জানে এবং বোঝে। এটা আমার জন্য অনেক বড় একটা সুবিধা, কারণ অন্য কেউ কিছু বললে আমি কখনো দুঃখিত বা খুশি হই না।"

‎ইয়মালের ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, "মানুষ আমার মাঠের বাইরের জীবন নিয়ে কথা বলে, কিন্তু তারা আমার সম্পর্কে কথা বলে কারণ আমি মাঠে ভালো খেলি। যদি আমি মাঠে ভালো পারফর্ম না করতাম, তাহলে কেউ আমার সম্পর্কে কথা বলতো না।"

‎একটি ছোট ক্লাবের উদাহরণ টেনে তিনি বলেন, "যদি আমি মাতারোর মতো কোনো ছোট দলের খেলোয়াড় হতাম, তাহলে আমার ১৮তম জন্মদিনের পার্টি বা ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলতো না। আমি খুব শান্ত আছি; যারা আমাকে ভালোবাসে, তারা জানে আমি কেমন। জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে আমাকে যেভাবে সমর্থন করেছেন, তাতে আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি যা বলেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত।"

‎সাক্ষাৎকারে ইয়ামাল আরও জানান যে, এই বছর বিশ্বকাপ জেতা তার অন্যতম প্রধান লক্ষ্য। একই সাথে, তিনি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততেও মুখিয়ে আছেন। ব্যালন ডি'অর প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যেক খেলোয়াড়ই ব্যালন ডি'অর জিততে চায়। ১৮ বছর বয়সে এই পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার।"

‎ইয়ামাল নিজের উন্নতির বিষয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমানে তিনি গোল করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, কারণ দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "আমি সবসময় দলের ভালোর জন্য কাজ করি।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত