ভোটগ্রহণ কর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি সব জেলার নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় বেতন স্কেলের ১৭-২০ গ্রেডভুক্ত (চতুর্থ শ্রেণির) কর্মচারীদের ভোটগ্রহণকারী প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না। তবে প্রিসাইডিং অফিসারদের সহায়ক হিসেবে তাদের আলাদা তালিকা প্রস্তুত করা যেতে পারে।

চিঠিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন করার ক্ষেত্রে সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিতর্কিত কর্মকর্তা-কর্মচারী কিংবা রাজনৈতিক দলের সদস্যদের প্যানেলে না রাখার নির্দেশ দিয়েছে ইসি। প্রয়োজনে বয়স, শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে।

এ ছাড়া নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক নারী সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রয়োজনীয় সংখ্যার পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ কর্মকর্তার নামও প্যানেলে রাখতে হবে। পাশাপাশি ভোটগ্রহণের বাইরেও রিটার্নিং অফিসার কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, নির্বাচনী তথ্য ও ফল সংগ্রহ কেন্দ্র, মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণসহ অন্য কাজে নিয়োজিত করার জন্য আলাদা একটি প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিসাইডিং অফিসারে ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা, ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ-মাদ্রাসার শিক্ষক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক-বিমার কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক।

সহকারী প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, কলেজ ও মাদ্রাসার ডেমনস্ট্রেটর, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। পোলিং অফিসার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

সব শর্ত মেনে প্রস্তুত করা প্যানেলের চূড়ান্ত তালিকা আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত