দুমকিতে অব্যবহৃত কমিউনিটি সেন্টারে ভুতুড়ে পরিবেশ!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুড়ে রূপ নিয়েছে। প্রায় তিন যুগ আগে নির্মিত এ ভবনের চারপাশে এখন গাছপালা জন্মেছে এবং জমে আছে জলাবদ্ধতা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ভেঙে পড়ছে, চারপাশেও দখল হয়ে গেছে জমি। স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের কিছু জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন। 

জানা যায়, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস ও সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে ভবনটি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে আছে।

সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা জানান, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। জমির মালিক হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দান করেছিলেন। 

হাজী আবদুল মান্নান মোল্লা বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দাবি অনুযায়ী এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।” 

স্থানীয় বাসিন্দা আ. ওয়ার জানান, ভবনটি সংস্কার করে নতুন অফিস চালু করা হলে এলাকাবাসী উপকৃত হবেন। ৫ নং শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত