রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রাণী চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষদটির লেভেল-৪, সেমিস্টার-১ এর মোট ১০২ জন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়।
অনুষদের ডীন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাশার।
শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স তুলে দিয়ে উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীরা যাতে মাঠ পর্যায়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্ট সরবরাহ করেছি। ভবিষ্যতে লেভেল-৩ থেকেই এ সরঞ্জাম সরবরাহের সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সাফল্য।”
উল্লেখ্য প্রাণীসম্পদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে ভেটেরিনারি টিচিং হাসপাতালে হাতে-কলমে প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল যন্ত্রপাতি প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য, প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার্থীরা চিকিৎসা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
