মীর সরফত আলী সপু

ফ্যাসিস্ট আমলের দমন-পীড়নের বিচার বাংলার মাটিতেই হবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

একটি গোষ্ঠী টালবাহানা করে ফ্যাসিবাদ উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মীর সরফত আলী সপু বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে। তারা অধীর আগ্রহে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তবে ফ্যাসিস্ট আমলে সংঘটিত নির্যাতন-অত্যাচার ও দমন-পীড়নের বিচার বাংলার মাটিতেই হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকি। সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বাবায়ক মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জায়দুল কবির, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন ও আওলাদ হোসেন উজ্জ্বল, এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহ যোগ দেন। ব্যানার-ফেস্টুনে অংশ নেন হাজারো নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত