জাপানি গাড়ির শুল্ক কমানোর সিদ্ধান্ত দিলেন ট্রাম্প

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে জাপানি গাড়ি আমদানি প্রায় অর্ধেক শুল্কে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর এ সমঝোতার সঙ্গে জাপানও যুক্তরাষ্ট্রে বিশাল বিনিয়োগ করার জন্য সম্মতি দিয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানের বড় মোটরশিল্প প্রতিষ্ঠানগুলো কিছুটা নিশ্চিন্ত হতে পারবে।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাই মাসে ঘোষিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপিত হবে, যার মধ্যে গাড়ি ও ওষুধও অন্তর্ভুক্ত।

এছাড়া, চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রকল্পে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করবে। গাড়ি ও চালসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্য এতে অন্তর্ভুক্ত।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। মাসব্যাপী আলোচনার পর এ চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানের অর্থনীতি রপ্তানিনির্ভর। মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই গাড়ি। আগস্টে শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বব্যাপী সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি হয়। টয়োটা সতর্ক করেছে, শুধুমাত্র মার্কিন শুল্কের প্রভাবে এ বছর তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত