উখিয়া-টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথকভাবে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল নবীর ছেলে ইয়াকুব আলী (২৮) ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা কবীর আহম্মদের ছেলে আব্দুল করিম (২৪)।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল শুকুরের কাটি ক্যারাইঙ্গাঘোনা নামক স্থানে অবস্থান করে। পরে মিয়ানমার হতে সন্দেহজনক ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে টহলদল ইয়াকুব আলী (২৮) ও আব্দুল করিম (২৪), আটক করে। পরবর্তীতে টহলদল তাদের সঙ্গে থাকা পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এদিকে একইদিন (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন পালংখালী বিওপির বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল বেড়িবাঁধ নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় মিয়ানমার হতে দুইজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দিকে এগিয়ে যায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় চোরাকারবারিরা পলিথিন সাদৃশ্য একটি প্যাকেট কেওড়া বাগানের মাঝে ছুঁড়ে মারে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত