কুয়াকাটায় ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৬টার মধ্যে কুয়াকাটার হীড বাংলা সড়কের পাশে আবাসিক হোটেল একটি কক্ষে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্তরা।

পরিবারের সদস্যরা জানায়, মন্নান শেখকে আটক করে তার মোবাইল ফোন থেকে ছেলেকে ফোন করা হয়। এসময় তাকে হুমকি দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ছেলে পুলিশের সহযোগিতায় রাতে হোটেল থেকে তার বাবাকে উদ্ধার করেন। এসময় দুজনকে আটক করে পুলিশ। একজন পালিয়ে যান।

অভিযুক্ত মেহেদী হাসান বলেন, আমি আমার অনার্সের বিষয় (সাবজেক্ট) পরিবর্তনের জন্য তার কাছে বিশ হাজার টাকা ধার চাই। তিনি আমাকে টাকাটি দেয়নি। সে থেকেই আমি তার ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে এই পরিকল্পনা করি।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- মম্বিপাড়া এলাকার হাসান (২২) মিশ্রীপাড়া এলাকার  মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮)।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটকানো হয় মন্নান শেখকে। প্রথমে তার ভিডিও ধারণ করে পরে মুক্তিপণের দাবিতে ছেলেকে ফোন করা হয়।

ভুক্তভোগী মন্নান শেখ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে আমাকে ডেকে নিয়ে একটি হোটেলে মেয়েসহ আটকিয়ে ভিডিও করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায় পরে আমার ছেলের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা দাবি করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত