পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী মো. ইব্রাহিম মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন।
পোস্টে মো.ইব্রাহিম লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্তে সংগঠনের সকল কার্যক্রম থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত। দেশের সেবা ও নৈতিক কাজ শুধুমাত্র কোনো নির্দিষ্ট সংগঠন বা রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে কাজ করা সম্ভব।
ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই জানিয়ে পোস্টে তিনি উল্লেখ করেন, এখন থেকে নিজ পেশা, পরিবার ও ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিতে চাই।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।
এ বিষয়ে মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) বলেন, সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে হলে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। ইব্রাহিম ভাই পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না। আমাদের সঙ্গে আলোচনা করেই তিনি অব্যাহতি নিয়েছেন।
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সাথে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।